
আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জ্বালানি আমদানির ওপর চাপ কমাতে পর্যায়ক্রমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হবে। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ সৌর প্যানেল স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘নেট জিরো ক্যাম্পাস’ বাস্তবায়নের অংশ হিসেবে কলেজটিতে অন-গ্রিড সোলার সিস্টেম প্রকল্প চালু করা হচ্ছে। এ প্রকল্পে ৬০০ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপনে বিনিয়োগ করবে ওমেরা রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেড।
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রকল্পটির মাধ্যমে বছরে প্রায় ৪ লাখ ৮০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে এবং প্রায় সাড়ে ৫ লাখ টন কার্বন নিঃসরণ কমানো যাবে। এতে প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় হবে। পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি ছাদ ভাড়া দিয়েও প্রতিষ্ঠান আয় করতে পারবে।
অনুষ্ঠানে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস যথাসময়ে সম্পন্ন করে শিক্ষার্থীরা যেন সময় অপচয় না করে সঠিকভাবে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
