×

শিক্ষাখাত বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্বের জায়গা : শিক্ষামন্ত্রী

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ ‘অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তারেক রহমান শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার অগ্রাধিকারের তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—সব ক্ষেত্রেই শিক্ষা রয়েছে।

তিনি বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনও উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।

ড. মিলন আরও বলেন, পৃথিবীর অনেক দেশ বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও উন্নত হতে পারেনি। আবার সীমিত সম্পদ নিয়েও কিছু দেশ শিক্ষা ও দক্ষ মানবসম্পদের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তাই বাংলাদেশের বিপুল জনশক্তিকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা এবং ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ ধারণ করতে হবে। তিনি বলেন, মূল্যবোধ ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না এবং একজন মানুষের প্রকৃত শিক্ষা শুরু হয় পরিবার থেকেই।

মন্ত্রী আরও বলেন, এসএসসি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সময় শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়কে কাজে লাগিয়ে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। একজন অভিভাবকের সবচেয়ে বড় বিনিয়োগ তার সন্তানের শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে কাজ করছে। রাষ্ট্র শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করার চেষ্টা করছে। এর প্রতিদানে শিক্ষার্থীদেরও দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)