
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত জেসি এগ্রো ফার্মে চলছে কোরবানির পশু প্রস্তুতের ব্যস্ততা। খামারটিতে বর্তমানে ৪০০টিরও বেশি গরু ও মহিষ রয়েছে। এর মধ্যে প্রায় ২০০টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে ৬০টি গরু বিক্রি হয়েছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।
খামার সূত্রে জানা গেছে, ফার্মটির সবচেয়ে বড় ষাঁড়টির ওজন প্রায় ৮০০ কেজি। গরুটির দাম ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকা। এছাড়া খামারের একটি মহিষের ওজনও প্রায় ৮০০ কেজি, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৬ লাখ টাকা। খুর ও অন্যান্য অংশ আলাদাভাবে বিক্রি করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফার্মের ম্যানেজার মো. রিয়াদ বলেন, “বর্তমানে আমাদের খামারে ৪০০টির বেশি গরু রয়েছে। এর মধ্যে প্রায় ২০০টি কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে ৬০টি গরু বিক্রি হয়েছে। তবে পশুখাদ্য ও ফিডের উচ্চমূল্যের কারণে লাভ করা কঠিন হয়ে পড়েছে।”
তিনি আরও জানান, খামারে বর্তমানে ৮ জন নারী কর্মী ঘাস চাষের কাজে নিয়োজিত আছেন। এছাড়া ১০ জন পুরুষ কর্মচারী সার্বক্ষণিক পশুর পরিচর্যা ও খামারের অন্যান্য দায়িত্ব পালন করছেন।
কোরবানির পশু কিনতে আগ্রহীদের জন্য আগাম বুকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।
