
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও জননিরাপত্তা’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঈদের আগের সাত দিন ও পরের সাত দিন এই সেল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস (১০২) ও বিআইডব্লিউটিএর (১৬১১৩) হটলাইন চালু থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার সারাদেশে ৪ হাজার ২৫৯টি কোরবানির পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাট বসবে। প্রতিটি হাটে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা এবং জালনোট শনাক্তে ব্যাংকের বুথ ও মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী ‘অঙ্গীভূত আনসার’ মোতায়েন করা হবে।
সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে। একইসঙ্গে চামড়া পাচার ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চামড়ার গুণগত মান ঠিক রাখতে কোরবানির দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের বিষয়ে দেশব্যাপী প্রচারণা চালানো হবে বলেও জানান মন্ত্রী। এ জন্য ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং মহাসড়কের গর্ত দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হয়রানি বন্ধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেওয়া এসব উদ্যোগের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
