×

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণায় সহযোগিতার নতুন দ্বার খুলবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ উদ্যোগ দুই দেশের শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের দ্বিতীয় পর্যায়ের লঞ্চিং এবং এডুকেশন এক্সপো-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রকল্পটির প্রথম পর্যায়ে ইতোমধ্যে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। দ্বিতীয় পর্যায়েও মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান অত্যন্ত উন্নত এবং বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে বিনা খরচে পড়াশোনার সুযোগ পাচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এছাড়া আবাসন ও জীবনযাত্রার ব্যয় নির্বাহে মাসিক বৃত্তির ব্যবস্থাও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করবে।

ড. এহছানুল হক মিলন আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের ধর্মীয়, সাংস্কৃতিক ও খাদ্যাভ্যাসগত মিল দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে সহায়ক হবে। বর্তমানে বাংলাদেশে ১১৬টি বেসরকারি ও ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে শুধু বাংলাদেশি শিক্ষার্থীরাই নয়, পাকিস্তানের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসবে।

দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা ও শিক্ষক বিনিময় কর্মসূচি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের স্বচ্ছ পদ্ধতির প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানের নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত মানসম্মত এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের বাছাই করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শিক্ষাসচিব আব্দুল খালেক, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)