×

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন-এর মা বেগম জেবুন নেসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর গোলকীবাড়ী কবরস্থান-এ পরিবারের সদস্যরা তাকে দাফন করেন। সেখানে তাকে তার প্রয়াত স্বামীর পাশেই সমাহিত করা হয়। পরে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ-এ আছরের নামাজ শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত মুসল্লিদের কাছে কান্নাজড়িত কণ্ঠে মায়ের জন্য দোয়া চান ডা. জাহিদ হোসেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে জানানো হয়েছে।

জানাজায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন নেসা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মন্ত্রিপরিষদের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)