
সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা, বিশিষ্ট শিক্ষিকা বেগম জেবুন নেসা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্র জানায়, ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বেগম জেবুন নেসা। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত বছরের ১৫ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। রেখে গেছেন নাতি-নাতনি, অসংখ্য ছাত্র-ছাত্রী এবং গুণগ্রাহী মানুষ। আজ বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহের গুলকিবাড়িতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
বেগম জেবুন নেসার মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান ও মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও পৃথক শোকবার্তায় সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর নেতৃবৃন্দ। শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
