×

বছরের শেষেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চলতি বছরের শেষ নাগাদ দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, নির্বাচন শুরু হওয়ার পর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, নির্বাচন আয়োজনের আগে কিছু প্রস্তুতি সম্পন্ন করা প্রয়োজন, যা ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সেই প্রস্তুতি শেষ হলেই বছরের শেষ দিকে নির্বাচন শুরু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, উপজেলা পরিষদ বাতিল করার বিষয়ে বর্তমান সরকারের কোনো পরিকল্পনা নেই।

উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য আলাদা কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা পরিষদের ক্ষমতা কমিয়ে দিয়েছে—এমনটি তিনি মনে করেন না।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)