×

গ্রামে স্বাস্থ্যসেবা জোরদার করতে ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা , নারীদের অগ্রাধিকার

গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার ঘাটতি দূর করতে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী থাকবেন।

শনিবার সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, নতুন স্বাস্থ্যকর্মীরা গ্রাম পর্যায়ে গিয়ে মানুষের দরজায় দরজায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেবেন। বিশেষ করে পরিবারে নারীদের স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা ও জীবনযাপন বিষয়ে তারা পরামর্শ দেবেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারলে রোগের সংখ্যা কমবে, ফলে হাসপাতালগুলোতে চাপও কমে আসবে এবং রোগীরা উন্নত চিকিৎসা পাবেন।

তিনি আরও বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের কৃষকদের ক্ষতির বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যক্রম চলছে।

খাল পুনঃখননের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে অতিরিক্ত পানি সংরক্ষণ সম্ভব হবে এবং জলাবদ্ধতাও কমবে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

নদী দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, প্লাস্টিক ও বর্জ্যের কারণে বুড়িগঙ্গা নদী মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়কের পাশাপাশি রেলপথ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এছাড়া বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং তরুণদের জন্য আইটি খাতে কর্মসংস্থান তৈরির উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)