×

বাবার স্মৃতিবাহী উলসী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে খননস্থলে পৌঁছে খালের ওপর স্থাপিত উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোরের শার্শার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করেন, যা ‘জিয়ার খাল’ নামে পরিচিত। বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খালটি পুনঃখনন করা হচ্ছে।

উদ্বোধনী ফলকে উল্লেখ করা হয়েছে, ২৭ এপ্রিল ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পাশের আরেকটি ফলকে ১৯৭৬ সালে জিয়াউর রহমানের উদ্যোগে উলসী-যদুনাথপুর-বেতনা নদী সংযোগ প্রকল্পের সূচনার কথাও উল্লেখ রয়েছে।

প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে শার্শা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোর থেকেই স্থানীয় মানুষজন তাকে একনজর দেখতে জড়ো হন। অনেকের হাতে ছিল ফুল, চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।

খালে নেমে প্রধানমন্ত্রী প্রথমে উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জনতা স্লোগানে মুখরিত হয়ে তাকে স্বাগত জানান।

স্থানীয়দের মতে, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে এবং সেচ সুবিধা বাড়ায় কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, প্রায় পাঁচ দশক আগে জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘদিন অবহেলায় মৃতপ্রায় হয়ে পড়া খালটি পুনরুজ্জীবিত করতে এবার উদ্যোগ নিয়েছে সরকার।

এর আগে গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সেদিন দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খালে এ কর্মসূচির সূচনা করা হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)