
মোঃ শাহ্ আলম মন্ডল- যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটের চারটি কোল মিলের মধ্যে দুটি ভেঙে গেলে চালু থাকা একমাত্র ইউনিটটিও বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির সব ইউনিট বন্ধ হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্থবির হয়ে যায়।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, প্রথম ইউনিটের কোল মিল ভেঙে যাওয়ার কারণে ইউনিটটি বন্ধ করতে বাধ্য হন কর্তৃপক্ষ। পাথর মিশ্রিত কয়লার কারণে এ ধরনের ত্রুটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ইউনিট মেরামতে কাজ চলছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ইউনিটটি চালু করে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিট রয়েছে, যার উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।
এর আগে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এছাড়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে। ফলে প্রথম ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল।
এদিকে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
