×

কাতারকে হারিয়ে ইতিহাস, প্রথমবার নকআউটে বসনিয়া

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। ‘বি’ গ্রুপে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ইউরোপের দলটি পরে ফিফার ঘোষণায় সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে।

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের এবারের আসর শেষ হয়েছে গ্রুপ পর্বেই। তবে অন্তত একটি পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পেরেছে দলটি।

বসনিয়ার হয়ে ১৮ বছর বয়সী কেরিম আলাবেগোভিচ ম্যাচের সূচনা করেন গোল দিয়ে। এরপর এডিন জেকোর শট গোলরক্ষক মাহমুদ আবুনাডার গায়ে লেগে জালে জড়ালে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বসনিয়া।

প্রথমার্ধের শেষ দিকে ৩৫ বছর বয়সী অধিনায়ক হাসান আল-হাইডোস গোল করে কাতারকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে ৮০তম মিনিটে আরমিন মাহমিচ গোল করে বসনিয়ার জয় নিশ্চিত করেন। টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন এই ফরোয়ার্ড।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসনিয়া। ম্যাচের প্রথম চার মিনিটেই দুইবার কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাডাকে কঠিন পরীক্ষায় ফেলেন আরমিন ডেমিরোভিচ ও ইভান সুনিচ। দুইবারই দারুণ সেভ করে দলকে রক্ষা করেন আবুনাডা।

তবে ২৯তম মিনিটে আর ঠেকানো যায়নি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ শটে বসনিয়াকে এগিয়ে দেন তরুণ উইঙ্গার কেরিম আলাবেগোভিচ।

জাতীয় দলের হয়ে ১৫০তম ম্যাচ খেলতে নামা ৪০ বছর বয়সী এডিন জেকো পাঁচ মিনিট পর দ্বিতীয় গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শট গোলরক্ষক আবুনাডার গায়ে লেগে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ হয়। কয়েক মিনিট পর জেকোর আরেকটি শট পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের শেষদিকে কাতার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৪২তম মিনিটে হাসান আল-হাইডোস গোল করে ব্যবধান কমান। যোগ করা সময়ে পেদ্রো মিগুয়েলের শট পোস্টে লাগায় সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আল-হাইডোস, যা কাতারের জন্য বড় ধাক্কা হয়ে আসে। এরপর দীর্ঘ সময় দুই দলই তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।

শেষ পর্যন্ত ৮০তম মিনিটে আরমিন মাহমিচের গোলে বসনিয়া ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। সেই জয়ের পর ঘণ্টাখানেক অপেক্ষার পর আসে কাঙ্ক্ষিত সুখবর—সেরা তৃতীয় দল হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় বসনিয়া-হার্জেগোভিনা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)