
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে রোববার রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) আয়োজনে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ও আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এইচ. খান মিলনায়তনে “তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণভিত্তিক উদ্যোগ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই একটি মানবিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে তরুণরা দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে। দারিদ্র্য বিমোচন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ইকবাল মাসুদ। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক মানদণ্ড, ওভিয়েডো ঘোষণা এবং আচরণ পরিবর্তনের বিজ্ঞানভিত্তিক মডেলের আলোকে কর্মক্ষেত্র ও বিদ্যালয়ভিত্তিক প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ডা. এম এ মোহিত কামাল। সেমিনারের সভাপতিত্ব করেন আউস্ট-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।
