×

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান রাষ্ট্রদূতের বৈঠক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার সার্বিক উন্নয়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূল পাঠ্যক্রমে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের খাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই শিক্ষার গুণগত মান উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারে, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।

তিনি পাকিস্তানের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য বাংলাদেশের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎ শেষে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়ন ও শারীরিক বিকাশের জন্য ১ হাজার ফুটবল উপহার হিসেবে মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)