
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সময় দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সকল মানুষের কল্যাণ নিশ্চিত করার বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে এই বেতন বৃদ্ধি করা হয়েছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিসিবি সভাপতি তামিম ইকবাল অ্যাডহক কমিটির সদস্য থাকাকালে পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে আজ এ ঘোষণা দেওয়া হলো।
সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, শুধু ক্রিকেটারদের নয়, মাঠে ক্রিকেট কার্যক্রম সচল রাখতে যারা নিরলসভাবে কাজ করেন, তাদের কল্যাণ নিশ্চিত করাও বিসিবির দায়িত্ব। তিনি আরও বলেন, ক্রিকেটের সাফল্যের পেছনে পরিচ্ছন্নতাকর্মীসহ অসংখ্য কর্মীর অবদান রয়েছে, যারা প্রতিদিন স্টেডিয়ামের পরিবেশ ও পেশাদার মান বজায় রাখতে কঠোর পরিশ্রম করেন।
তিনি জানান, অ্যাডহক কমিটি গঠনের পর থেকে বিসিবি প্রশাসনিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় উন্নয়ন এবং কর্মী কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ন্যায্য বেতন কোনো বিশেষ সুবিধা নয়; এটি কর্মীদের কঠোর পরিশ্রম, দায়বদ্ধতা ও অবদানের স্বীকৃতি। কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে তারা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলেও মন্তব্য করেন তিনি।
