×

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

বুধবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেট বরাদ্দ ও অর্থের প্রাপ্যতার ভিত্তিতে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে প্রক্রিয়া শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়টি বিবেচনায় রেখে ইতোমধ্যে আর্থিক পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় এবং সেই ব্যয় চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নতুন অর্থবছর শুরু হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করবে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)