×

জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিস সেবা চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যেক জেলা ও উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে ধাপে ধাপে ডায়ালাইসিস সুবিধা চালু করা হবে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ এলাকায় কম খরচে এ সেবা গ্রহণের সুযোগ পাবেন।

তিনি বলেন, “আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতে যে বাজেট বরাদ্দ দিয়েছেন, তার মাধ্যমে আমরা আশা করছি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ করতে সক্ষম হবো।”

মন্ত্রী আরও জানান, কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সুবিধা চালুর লক্ষ্যে ইতোমধ্যে দেশের ১০টি হাসপাতালে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ এবং রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)