
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ দুপুর ১২টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ বিষয়ে একটি পত্রের মাধ্যমে বোর্ডের অধীন ৮ জেলার সব কলেজ প্রধানকে গত ৬ জুন বিষয়টি অবহিত করে।
ওই পত্রে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও কলেজ ভর্তির কাগজসহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে যোগাযোগ করতে হবে।
পত্রটি বোর্ডের আওতাধীন সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
সূত্র আরও জানায়, আগামী ২ জুলাই থেকে সারা দেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে, যা ৮ আগস্ট পর্যন্ত চলবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
