×

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল।

তিন সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সামরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উভয় পক্ষ পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষ মত দেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)