×

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ২১ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, ময়মনসিংহ বিভাগে আটজন, রাজশাহী বিভাগে পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

এ সময়ে সুস্থ হয়ে ৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩ হাজার ১৩৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৭ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

তুলনামূলক হিসেবে, ২০২৫ সালে দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪১৩ জনের মৃত্যু হয়। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যেখানে প্রাণ হারান ৫৭৫ জন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)