
নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, নৌযান সংকট বা অনিয়মের কারণে দেশের কোনো অঞ্চলের মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
রোববার বিকেলে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যেখানে নৌযানের প্রয়োজন রয়েছে, সেখানে সরকারের সক্ষমতা অনুযায়ী অতিরিক্ত জাহাজ ও নৌযান সংযোজনের উদ্যোগ নেওয়া হবে। কোনো নাগরিক নৌ পরিবহনসেবার অভাবে দুর্ভোগে পড়ুক, তা সরকার মেনে নেবে না।
তিনি জানান, সারা দেশে নৌযানের সঠিক সংখ্যা ও সক্ষমতা নির্ধারণে নৌ শুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুমারির তথ্যের ভিত্তিতে নৌযানগুলোকে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। এ কার্যক্রম সম্পন্ন হলে অবৈধ নৌযানের চলাচল বন্ধ করা সম্ভব হবে।
রাজিব আহসান বলেন, ঈদুল আজহায় যাত্রীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকার সফলভাবে পালন করেছে। এখন একইভাবে কর্মস্থলে ফেরার যাত্রাও নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টরা কাজ করছে।
পরিদর্শনকালে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার (পিপিএম-বার), ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, নৌপরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
