×

ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলা এবং নগর পরিচ্ছন্নতায় নাগরিক দায়িত্ব পালনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার বিকেলে জুরাইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। অনেক এলাকার বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হলেও কিছু এলাকায় এখনও কাজ বাকি রয়েছে। নগরবাসী নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে শহরকে পরিচ্ছন্ন রাখা আরও সহজ হবে।

তিনি বলেন, বিদেশের পরিচ্ছন্ন নগরীগুলো দেখে আমাদেরও ভাবতে হবে কেন নিজেদের শহরকে একইভাবে পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না। শুধু সিটি কর্পোরেশনের কর্মীদের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না; নাগরিকদেরও যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে।

তারেক রহমান বলেন, সামান্য পরিমাণ ময়লাও যদি প্রতিদিন অব্যবস্থাপনায় ফেলা হয়, তাহলে তা একসময় বড় সমস্যায় পরিণত হয়। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেললে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ সহজ হবে এবং নগর পরিবেশও সুস্থ থাকবে।

তিনি পরিচ্ছন্নতাকর্মীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, প্রচণ্ড রোদ, ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও শব্দের মধ্যে তাদের কাজ করতে হয়। তাই তাদের শ্রমের প্রতি সম্মান দেখিয়ে সবাইকে পরিচ্ছন্নতা রক্ষায় সহযোগিতা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শহর পরিষ্কার রাখার জন্য কোনো জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা হওয়ার প্রয়োজন নেই। একজন সচেতন নাগরিক হিসেবেই প্রত্যেকে এ দায়িত্ব পালন করতে পারেন। ব্যবহৃত টিস্যু, কাগজ কিংবা খাবারের খোসা নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশ কোনো ব্যক্তি, পরিবার, সরকার বা রাজনৈতিক দলের একার নয়; এটি দেশের কোটি কোটি মানুষের। তাই দেশের উন্নয়ন ও সৌন্দর্য রক্ষায় সবাইকে অংশীদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ এলাকা ও দেশের জন্য ছোট ছোট ইতিবাচক কাজই একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)