
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে পরিদর্শনকালে হাসপাতাল ভবনের নিচতলায় একটি বেকারির কার্যক্রমের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতালের নিচতলায় একটি বেকারির অস্তিত্ব পাওয়া গেছে, যেখানে দুটি বৈদ্যুতিক ওভেন ব্যবহার করে কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সেখানে কোনো প্রকৌশলী নিয়োজিত নেই। বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয়। এছাড়া সেখানে প্রচুর ময়লা-আবর্জনাও পাওয়া গেছে। পুরো বিষয়টি কঠোরভাবে তদন্ত করা হবে।”
তিনি আরও বলেন, ওই বেকারিতে হাজার হাজার মেডিকেল শিক্ষার্থীর জন্য খাবার প্রস্তুত করা হতো। সেখান থেকে কোনো ধরনের গ্যাস নির্গত হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) ভোরে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
