
ঢাকা, ৩১ মে : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের ১৬টি স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী।
বিতরণ কার্যক্রমের আওতায় শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিকেলে ধানমন্ডি এলাকায় অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ শেষে তিনি বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানেও তিনি দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি পুনরায় শ্রদ্ধা জানান তিনি।
এদিকে সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও নিকটজনরা অংশ নেন।
মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, মেজ বোন সেলিমা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, এসএসএফ এবং পিজিআরের সদস্যরাও অংশ নেন।
