
ফেনীর দাগনভূঞায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের স্বাধীনতা, উন্নয়ন ও সার্বভৌমত্ব বিএনপির নেতৃত্বেই সবচেয়ে নিরাপদ থাকবে।
শনিবার দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পর তাঁর নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়।
তিনি বলেন, ১৯৮০ সালের ৩০ মে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলেও তাঁর আদর্শ ও দেশ গড়ার স্বপ্নকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। অতীতের অভিজ্ঞতায় বারবার প্রমাণিত হয়েছে যে দেশ, স্বাধীনতা ও উন্নয়নের ধারাবাহিকতা বিএনপির নেতৃত্বেই সুরক্ষিত থাকে।
উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্যসচিব হুমায়ুন কবির বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিকসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এদিকে মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সমস্যা মোকাবিলায় অভিভাবক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতা-কর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
