
এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈষম্য ও বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল থেকেই ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের দরিদ্র, অসহায় ও বৈষম্যের শিকার মানুষের পাশে দাঁড়িয়ে একটি ন্যায়ভিত্তিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি কোরবানির তাৎপর্য তুলে ধরে বলেন, এটি কেবল পশু জবাই নয়, বরং আত্মত্যাগ ও আত্মশুদ্ধির প্রতীকী শিক্ষা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, “ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।”
ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আলহাজ মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
