
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বছর ঘুরে ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে আবারও মুসলিম উম্মাহর মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এ শুভক্ষণে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছে। ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের উপলক্ষ নয়, বরং এটি মহান স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্তই ঈদুল আজহাকে মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যমণ্ডিত করে তুলেছে।
তিনি আরও বলেন, পবিত্র এই দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন সবার কোরবানি ও ত্যাগ কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠার কামনাও করেন তিনি।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন সবার ইবাদত ও কোরবানি কবুল করেন এবং তাঁর অশেষ রহমত ও বরকতে মানুষের জীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
