×

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকালে জেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন চাকমা, ইউপি সদস্য রিটন বড়ুয়া, মাবিকছড়ি বাজার সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম সগির, সাপছড়ি যুবদল সভাপতি আব্দুল বাছা, সমাজ কমিটির সদস্য মো. জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত বলেন, পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি শান্তি ও সম্প্রীতির ধারা বজায় রাখা, স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই কাজ করে আসছে।

তিনি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত অনেক মানুষ দূরত্বের কারণে সহজে উন্নত চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সেনাবাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পে এলাকার পাহাড়ি-বাঙালিসহ দুই শতাধিক অসহায়, দুস্থ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ দেওয়া হয়।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)