
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) এলএসটিডি প্রকল্পের আওতায় দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়িত দুই দিনব্যাপী প্রযুক্তি, ধানক্ষেত ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছে কৃষি অধিদপ্তরের প্রতিনিধি দল।
আজ রোববার মাঠপর্যায়ের পরিদর্শনের শেষ দিনে প্রতিনিধি দলটি দিনাজপুর সদর উপজেলার উলিপুর, মহব্বতপুর ও আউলিয়াপুর গ্রামের উন্নত জাতের ফলনশীল ধানক্ষেত পরিদর্শন করে।
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মো. শফিকুল আলম ধানক্ষেতের ফসলের গুণগত মান ও কৃষকদের পরিচর্যা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে অধিক ফলন উৎপাদনে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় দিনাজপুর অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধানের নতুন জাত নির্বাচন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কর্মকর্তারা।
পরে এলএসটিডি প্রকল্পের আয়োজনে ‘আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপসচিব কৃষিবিদ মো. মনিরুজ্জামান বলেন, গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর পাশাপাশি জমিতে অতিরিক্ত সার ব্যবহার না করে পরিমিত সার প্রয়োগ করতে হবে। এতে আশানুরূপ ধানের ফলন পাওয়া যাবে।
প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ব্রি কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার এবং ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. সেলিমা জাহান।
প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, প্রিমিয়াম কোয়ালিটির সুগন্ধি ধান, বাসমতি, জেসমিন ও আঠালো ধানের আধুনিক জাতগুলো কৃষক পর্যায়ে পরিচিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দিনাজপুর অঞ্চলে এসব উন্নত জাতের সুগন্ধি ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যেই কর্মশালার আয়োজন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, উদ্যোগটি সঠিকভাবে বাস্তবায়িত হলে দিনাজপুরে উন্নত জাতের ধান চাষ ও উৎপাদন আরও বাড়বে।
