×

বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেছেন, “বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের মূল শক্তি হচ্ছে ১৮ কোটি দেশপ্রেমিক বাংলাদেশি। আপনাদের সমর্থনেই আজ আমরা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছি।”

হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, গত ১৭ বছর দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই আমরা রাজপথে অবস্থান করেছি এবং স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের মোকাবিলা করেছি। আমাদের সংসদ সদস্যরা এখনো মাঠে আছেন। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক জনগণের পাশে রয়েছেন।

তিনি বলেন, “আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশকে উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই। কারণ, ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক পরিবর্তনটি আমাদের ব্যক্তিগত ভাগ্য পরিবর্তনের জন্য ছিল না; বরং তা ছিল ১৮ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তনের জন্য।”

জনগণের দেওয়া রায় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রতিটি ভোট আমাদের জন্য পবিত্র আমানত। তাদের ভাগ্যের উন্নয়ন, জীবন ও জানমালের নিরাপত্তা এবং এলাকা ও জীবনমানের সামগ্রিক অগ্রগতির জন্য এই আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। বিশ্বমঞ্চে তাদের একটি উন্নত, স্বনির্ভর, আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন।

পরে দুপুর সোয়া ১২টায় হাটহাজারী বাস স্টেশন চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে হাটহাজারী উপজেলা, পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

এর আগে দুপুর পৌনে ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়।

উল্লেখ্য, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় চেয়ারপার্সন হিসেবে দলটির নেতৃত্ব দেন। গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলের নেতৃত্বে আসেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)