×

দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, দেশের দুর্দশা ও দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা। অতীতেও দেশ ও জাতির যেকোনো সংকটে বিএনপি পথ দেখিয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজ তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমীন বলেন, দেশে যখনই জনগণের ওপর কোনো দুর্দশা নেমে এসেছে কিংবা গণতান্ত্রিক ধারা ব্যাহত হয়েছে, তখনই বিএনপি এগিয়ে এসেছে দেশ ও মানুষের পথের দিশা হয়ে। বিএনপিই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর শাহাদাতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। বর্তমানে তাঁর সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কাণ্ডারি হয়ে দল ও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দলের নীতি ও আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ধারণ করে দলকে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে ক্রান্তিকালে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ, গ্যাস, তেল, দুর্নীতি ও মাদকের অন্তহীন সমস্যা নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ’—এই চারটি স্লোগান ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার এই কর্মযজ্ঞে সকলের সহযোগিতা প্রয়োজন। এ জন্য সবার ঐক্য, সহযোগিতা ও সহমর্মিতা একান্তভাবে কাম্য।

ফারজানা শারমীন আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দের দিনে আজ আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে আপসহীন এই নেত্রীকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও আমাদের মাঝে নেই। হৃদয়ের এই রক্তক্ষরণের শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে চাই।

সমাবেশে বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীর হাতে অনুদানের চেক তুলে দেন।

দুপুরে তিনি লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাত ব্যক্তির হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক প্রদান করেন।

বিকেলে প্রতিমন্ত্রী লালপুরের শ্রী সুন্দরী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)