
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ‘গণতন্ত্রের মা’ আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করতে তারেক রহমান আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে।
আজ সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে হানাদারমুক্ত করেছেন। তাঁর হাতে গড়া দল বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষকে রক্ষা করার দল।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় মা, মাটি ও মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনভাবে নেতৃত্ব দিয়ে সারাবিশ্বে সুনাম অর্জন করেছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন।’
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এরপর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে।’
তিনি বলেন, যেকোনো শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শহীদ জিয়ার সৈনিকদের। মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অস্ত্র হাতে দেশের জন্য যুদ্ধ করেছেন। তাঁর নেতৃত্বেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, ‘আজ যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করেন, তারা তখন বিদেশে বিলাসবহুল হোটেলে ছিলেন। আমরাই এ দেশের জন্য রক্ত দিয়েছি।’ বিএনপির নেতাকর্মীরা সবসময় দেশের মানুষের জন্য লড়াই করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে মো. মিজানুর রহমান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এবং জুলাই আন্দোলন চলাকালে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছিল। সে সময় নেতাকর্মীরা জেল-জুলুম ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করার নির্দেশনা দেন তিনি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রবিউল ইসলাম রবি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
