×

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে স্বপ্নপূরণ অনুশ্রীর, পেল হারমোনিয়াম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের।

অনুশ্রী রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করে সে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে পদক গ্রহণের সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর একজন কর্মকর্তার হাতে একটি চিঠি তুলে দেয়।

চিঠিতে সংগীতচর্চার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে সহযোগিতার জন্য একটি হারমোনিয়াম এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়েছিল অনুশ্রী। পরে চিঠিটি পড়ে প্রধানমন্ত্রী অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দে আত্মহারা অনুশ্রী জানায়, তার চিঠি প্রধানমন্ত্রী পড়বেন এবং তাকে সাক্ষাতের জন্য ডাকবেন—এটি সে কখনো বিশ্বাস করতে পারেনি।

অনুশ্রী জানায়, সংগীতচর্চার জন্য তার একটি হারমোনিয়াম প্রয়োজন ছিল। কিন্তু পরিবারের পক্ষে সেটি কেনা সম্ভব ছিল না। তাই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানের দিন প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে হারমোনিয়ামের পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছার কথাও জানিয়েছিল সে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী স্নেহভরে অনুশ্রীর সঙ্গে কথা বলেন এবং তার সংগীতচর্চার খোঁজখবর নেন। নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সংগীতচর্চায় উৎসাহ দিতে অনুশ্রীর চাওয়া হারমোনিয়ামটি উপহার হিসেবে তার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায় অনুশ্রী।

সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ঘটনায় অনুশ্রীর বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, তাঁর মেয়েকে প্রধানমন্ত্রী ডেকে উৎসাহ দেবেন—এটি তারা কখনো কল্পনাও করেননি।

অনুশ্রীর বাবা জানান, বিভিন্ন সময় তিনি মেয়েকে প্রধানমন্ত্রীর মানবিক কার্যক্রম ও মানুষের পাশে দাঁড়ানোর কথা বলতেন। সেখান থেকেই অনুশ্রীর বিশ্বাস জন্মে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলে হয়তো সাড়া পাওয়া যেতে পারে। সেই বিশ্বাস থেকেই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল অনুশ্রী। তবে সেই চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং তিনি তা পড়বেন—এটি ছিল তাদের কাছে অবিশ্বাস্য।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর কাছ থেকে হারমোনিয়াম উপহার পেয়ে অনুশ্রী ও তার পরিবার গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রধানমন্ত্রীর এই উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় আরও অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে দেশের একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে তাকে এগিয়ে যেতে সাহস দেবে বলে জানায় তার পরিবার।

এদিকে, একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাবিউল ইসলাম রাকিব নামে এক নিরাপত্তাকর্মী। তিনি রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকায় একটি বেসরকারি ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন।

রাকিব জানান, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি তাঁর ভক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তাঁর। সেই আকাঙ্ক্ষার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। ভিডিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বেন না বলেও জানিয়েছিলেন।

অবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাকিব এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাকিব প্রধানমন্ত্রীর কাছে তাঁর এলাকার দীর্ঘদিনের একটি জনদাবির কথাও তুলে ধরেন। তিনি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। নদী পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি সেতু নির্মাণ করা হলে হাজারো মানুষের দুর্ভোগ কমবে।

রাকিব গত সাত মাস ধরে রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুরুল্লাহপুর শিকদারবাড়ি এলাকায়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)