×

বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত নতুন ঘরের চাবি তাঁদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পরিবারের খোঁজখবর নেন। পরে সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শত শত মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুকুর, জলাশয় ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়।

পশ্চিম বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশে রওনা হন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)