×

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করতে মেগা প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করতে সরকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আধুনিক নকশা প্রণয়ন ও সম্ভাব্যতা সমীক্ষার (ফিজিবিলিটি স্টাডি) কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনও বক্তব্য রাখেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই আগে জেলা পর্যায়ে যেসব স্বাস্থ্যসেবা পাওয়া যেত, সেগুলোর অধিকাংশই ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

ড. এম এ মুহিত বলেন, নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিটি করপোরেশনের পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর অধীনে এনে পুনর্গঠন করা হচ্ছে। পাশাপাশি শিশুদের বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে দেশের পাঁচটি শহরে পাঁচটি নতুন শিশু হাসপাতাল এবং নারীদের স্বাস্থ্যসেবার জন্য পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের অতীতের অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পরিকল্পনাহীনভাবে শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছিল, যার অনেকগুলো এখনো বিভিন্ন স্থানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এ ধরনের অপচয় বন্ধ করে স্বাস্থ্যসেবায় দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)