×

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক-
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধ্যপাড়া ভাদুড়ী বাজার এলাকার তৌহিদের স্ত্রী আকলিমা খাতুন (২১), তার চাচা শ্বশুর দুলাল হোসেনের মেয়ে সুরভি আক্তার (৮) এবং দুলালি আক্তার (১০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালনদীতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে সুরভি ও দুলালি পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাদের উদ্ধারে এগিয়ে যান আকলিমা খাতুন। কিন্তু তাদের বাঁচাতে গিয়ে তিনিও নদীর পানিতে ডুবে যান।

পরে আকলিমার স্বামী তৌহিদ তাদের খোঁজ করতে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তিনজনকে উদ্ধার করে পার্বতীপুরের একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের তিন সদস্যের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)