×

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া দল আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”

তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশের চেষ্টা করছে, যা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময়ই সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ও বিজিবির সহায়তা নেওয়া হয়। তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর গত ১৫ জুন সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছিল।

তিনি আরও বলেন, যেসব এলাকায় নাশকতা বা অপতৎপরতার আশঙ্কা রয়েছে, সেসব স্থানেই সেনা মোতায়েন করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)