×

দেশে ৫টি কয়লাক্ষেত্র শনাক্ত হয়েছে: খনিজ সম্পদ মন্ত্রী

বাংলাদেশে এ পর্যন্ত পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশে আবিষ্কৃত পাঁচটি কয়লাক্ষেত্র হলো—দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি ও দিঘীপাড়া কয়লাক্ষেত্র, রংপুরের খালাসপীর কয়লাক্ষেত্র এবং জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র।

তিনি বলেন, এর মধ্যে শুধু বড়পুকুরিয়া কয়লাক্ষেত্রের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করে ২০০৫ সাল থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে। দেশের একমাত্র উৎপাদনশীল এই কয়লাখনি থেকে নিয়মিত উত্তোলন অব্যাহত রয়েছে।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থানীয় জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে অন্যান্য কয়লাক্ষেত্রের সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে।

তিনি জানান, অবশিষ্ট চারটি কয়লাক্ষেত্রের মধ্যে ফুলবাড়ি ও দিঘীপাড়া কয়লাক্ষেত্রের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়েছে। খালাসপীর ও জামালগঞ্জ কয়লাক্ষেত্রে আংশিক সমীক্ষা শেষ হয়েছে এবং পূর্ণাঙ্গ সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় সম্পদের অনুসন্ধান ও টেকসই ব্যবস্থাপনায় সরকার গুরুত্ব দিচ্ছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)