×

জনগণের ঐক্যের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ঐক্যের শক্তির কাছে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র সফল হবে না।

শনিবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায় এবং মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হলেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপি বিশ্বাস করে, জনগণই দলের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পরিচালনায় এগিয়ে যেতে চায়। ঐক্যবদ্ধ জনগণের সামনে ষড়যন্ত্রকারীদের কোনো অপচেষ্টাই টিকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি অতীতেও দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ও ইলিয়াস আহমদ।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)