
সাম্প্রতিক সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জিআর চাল বিতরণ করেছে বিরামপুর উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।
অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবিক সমাজের কথা উল্লেখ করে মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ধনী-দরিদ্র সবাইকে সাথে নিয়ে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজের সব স্তরের মানুষ ভালো থাকলে, তবেই দেশ ভালো থাকবে। একই সাথে অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স। আইনের চোখে সবাই সমান এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, আগের ১৮৬৭ সালের পুরনো আইন সংশোধন করে বর্তমান সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া বিরোধী আইন অত্যন্ত কঠোর করেছে। চলতি সংসদ অধিবেশনেই এই আইন পাস হতে যাচ্ছে। আইন পাস হওয়ার পর অফলাইন কিংবা অনলাইন—সব ধরণের জুয়া ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এ সময় তিনি কাটলা ইউনিয়নসহ বিরামপুর অঞ্চলের সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, সমাজের এই ব্যাধিগুলো দূর করতে হলে শুধু প্রশাসন একা পারবে না। কারা এই মাদকের ব্যবসার সাথে জড়িত, কারা এগুলো আনা-নেওয়া বা বিক্রি করে, তাদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ জনগণের প্রতি জোরালো আহ্বান জানান।

বক্তব্য শেষে মন্ত্রী নিজে উপস্থিত থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে জিআর চাল তুলে দেন।
