×

প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি পাওয়া জীবনের স্মরণীয় মুহূর্ত : তথ্য প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আবেগঘন বক্তব্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সামনে খেলা এবং তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য গর্ব ও সম্মানের বিষয়।

শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি নান্দাইলের আচারগাঁও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দলটি শিরোপা জিততে না পারলেও তাদের অর্জন কোনো অংশে কম নয়। জাতীয় পর্যায়ের ফাইনালে উঠে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে খেলা এবং তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ করাই বড় সম্মানের।

খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, মাঠে তারা অত্যন্ত ভালো নৈপুণ্য প্রদর্শন করেছে। তবে খেলায় জয়-পরাজয় থাকবেই। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের মতো মর্যাদাপূর্ণ ভেন্যুতে ফাইনাল খেলার যোগ্যতা অর্জনের জন্য নান্দাইলবাসী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে এটি অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন। ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে পৌঁছাতে দেশব্যাপী ১ লাখ ২৩ হাজার ১৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে বালক বিভাগে ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা বিভাগে ১১ লাখ ৩ হাজার ২৯১ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিমন্ত্রী বলেন, বিপুল সংখ্যক বালক ও বালিকার অংশগ্রহণ দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া বিকাশ, নারী-পুরুষ সমতা এবং নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)