
হিলি সংবাদদাতা-
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় র্যাবের অভিযানে ১৩৩ অ্যাম্পুল অবৈধ বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রোববার (১৪ জুন) দুপুরে র্যাব-১৩ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল হাকিমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সংগ্রাম নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে মোঃ আরিফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি উত্তর বাসুদেবপুর (মাস্টারপাড়া), হিলি এলাকার বাসিন্দা। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ১৩৩ অ্যাম্পুল অবৈধ বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার ও জব্দ করা হয়।

র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
