
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ পাকিস্তানের জনগণের পাশে রয়েছে।
রোববার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে এ বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। নারী ও শিশুসহ অন্তত ৮২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
