
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাজেট উপস্থাপন করবে সরকারি দল আর তা নিয়ে গঠনমূলক সমালোচনা করবে বিরোধীদল—এটাই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধীদলের যৌক্তিক ও গঠনমূলক সমালোচনাকে সরকার স্বাগত জানাবে।
তিনি বলেন, সংসদে বিরোধীদল যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, সে জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা হবে। প্রথম অধিবেশনেই সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতাপূর্ণ পরিবেশ লক্ষ্য করেছি। আসন্ন বাজেট অধিবেশনেও সেই ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছি।
মঙ্গলবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি ও বিরোধীদলের সমন্বিত অংশগ্রহণে এমন একটি জনবান্ধব বাজেট উপস্থাপিত হবে, যা সাধারণ মানুষের জীবনে স্বস্তি বয়ে আনবে।
স্পিকার আশা প্রকাশ করে বলেন, বর্তমান জাতীয় সংসদ ইতোমধ্যে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষমতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতে সংসদ সদস্যরা আরও কার্যকর ভূমিকা রাখবেন এবং দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।
ঈদ উপলক্ষে চার দিনের সফরে মঙ্গলবার দুপুরে নিজ জেলা ভোলায় পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নির্বাচনী এলাকা লালমোহনে যাওয়ার পথে তিনি ভোলা সার্কিট হাউজে যাত্রাবিরতি করেন।
এসময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
