×

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

পঞ্চগড় সংবাদদাতা-

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় পাপরী রানী (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত ট্রাকে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার ৯ নম্বর দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপরী রানী ওই এলাকার সেবেন কুমার রায় ও প্রতিমা রানীর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে তাদের ভুট্টার চাতালের কাছে পাপরী খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে মহাসড়কে উঠে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সড়কে নেমে আসে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেবীগঞ্জ থানা পুলিশ ও দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে পাথর ও বালুবোঝাই ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে চলাচল করছেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, মহাসড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)