×

পরিচ্ছন্নতাকর্মীদের উন্নত জীবনমান নিশ্চিতে আইএলও’র সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে আইএলও’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকগুলোতে শ্রমিক কল্যাণ, নগর ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। আইএলও’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরও তিনি গুরুত্ব দেন।

অন্যদিকে, চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নির্মাণ খাত এবং নগর অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা গুরুত্ব পায়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসি, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্ত দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)