×

দেশের হাসপাতালগুলোতে চালু হচ্ছে ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম : স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হবে।

আজ তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)-এ অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে কোনো জরুরি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে একটি পৃথক পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।

তিনি আরও জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে স্থাপিত ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। আগামী ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব আইসিইউ ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)