×

কুরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দর দিয়ে বেড়েছে মসলা পণ্যের আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

কুরবানির ঈদ সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা, এলাচ, আদাসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্যের আমদানি বেড়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় বাজারে সরবরাহও বেড়েছে, ফলে আগের তুলনায় এসব পণ্যের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

মসলা জাতীয় পণ্যের দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন পাইকারি ব্যবসায়ীরা। অন্যদিকে আমদানিকৃত পণ্য দ্রুত খালাসে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

ঈদুল আজহাকে কেন্দ্র করে বন্দরের ব্যবসায়ীরা মসলা জাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন। এতে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমতির দিকে রয়েছে। এক মাসের ব্যবধানে আদার দাম কেজিতে ২০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। সাদা এলাচের দাম কেজিতে ৫০০ টাকা কমে এখন সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিরার দাম কেজিতে ৭০ টাকা কমে দাঁড়িয়েছে প্রায় ৫৫০ টাকায়। আমদানির এ ধারা অব্যাহত থাকলে বাজারে দাম স্থিতিশীল থাকবে বলে আশা করছেন আমদানিকারকরা।

গত ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত হিলি বন্দর দিয়ে প্রায় ২৬ হাজার টন জিরা, বাদাম, এলাচ, কিসমিস ও কাজুবাদাম আমদানি হয়েছে। এর মধ্যে শুধু জিরা ও এলাচ আমদানি হয়েছে সাড়ে ৭ হাজার টনের বেশি।

হিলি স্থলবন্দরে পণ্য কিনতে আসা ব্যবসায়ী আব্দুস সালাম জানান, দেশীয় আদার সরবরাহ কম ও দাম বেশি হওয়ায় আমদানিকৃত আদার চাহিদা বেড়েছে। আমদানি বাড়ায় আগের তুলনায় আদার দামও কমেছে। আগে বন্দরে আদা ১৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ১১০ টাকায় পাওয়া যাচ্ছে। এসব আদা গাইবান্ধা, রংপুর, বগুড়া, নীলফামারী ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

জিরা ও এলাচ কিনতে আসা শেরেগুল ইসলাম বলেন, আমদানির আগে বেশি দামে জিরা কিনতে হলেও বর্তমানে ৫৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। একইভাবে সাদা এলাচের দামও ৫ হাজার টাকা থেকে কমে সাড়ে ৪ হাজার টাকায় নেমে এসেছে। দাম কমায় মোকামগুলোতেও এসব পণ্যের চাহিদা বেড়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহীনুর ইসলাম শাহীন মন্ডল বলেন, কুরবানির ঈদকে সামনে রেখে আমদানিকারকরা সাদা এলাচ, আদা ও জিরাসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন। প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দামও কমছে।

আরেক আমদানিকারক হযরত আলী বলেন, প্রতি বছর কুরবানির ঈদ উপলক্ষে মসলা জাতীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়ানো হয়। এবারও সাদা এলাচ, আদা, কিসমিস, কাজুবাদাম, মৌরি ও জিরার আমদানি বাড়ানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ঈদে এসব পণ্যের দাম বড় ধরনের বাড়ার আশঙ্কা নেই।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসী পারভেজ বলেন, প্রচলিত আইন ও বিধিমালার আওতায় ব্যবসায়ীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)