×

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।

এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ডব্লিউইএফকে ডেল্টা দেশসহ ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর জন্য সমন্বিত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণ এবং প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিয়ে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডব্লিউইএফ প্রেসিডেন্ট আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন এবং এসব উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থায়নের আগ্রহ তৈরি করবে বলে মন্তব্য করেন।

তিনি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)