×

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান

তারেক রহমান দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবন ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনও প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি। গবেষণা, প্রকাশনা, সাইটেশন ও উদ্ভাবনের মতো সূচকে পিছিয়ে থাকায় এ খাতে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

চতুর্থ শিল্প বিপ্লবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, অটোমেশন, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি ও কোয়ান্টাম কম্পিউটিংসহ আধুনিক প্রযুক্তি বিশ্বকে দ্রুত বদলে দিচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মুখস্থ ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা কারিকুলামকে যুগোপযোগী করতে কাজ করছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কর্মমুখী ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করলেও দক্ষতার অভাবে অনেকেই বেকার থেকে যাচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় এপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সমন্বয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে উৎসাহ দিতে সিড ফান্ডিং ও ইনোভেশন গ্রান্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং ফেয়ার আয়োজনের পাশাপাশি সায়েন্স পার্ক ও উদ্ভাবন উন্নয়ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)